চট্টগ্রামে আইসক্রিমে ক্ষতিকর রং-কেমিক্যাল, কারখানা সিলগালা

0

চট্টগ্রামের কর্ণফুলীতে আইসক্রিম তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহারের দায়ে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আলিফ আইসক্রিম কারখানাটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের চৌমুহনী এলাকার কারখানাটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এস এম আমিরুল মোস্তফা জানান, আইসক্রিম তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অপরাধে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভূমি কার্যালয়ের কর্মকর্তা, স্যানিটারি ইনস্পেক্টর ও থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।