চট্টগ্রামে খালে কারখানার বর্জ্য ফেলার দায়ে বনফুল অ্যাগ্রোকে জরিমানা

0

কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পাশের খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের আনোয়ারায় বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার, আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবরের বর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি পাশের খালে ফেলছিল। এতে খালের পানি দূষিত হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছিল।

অভিযোগের সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।