চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ১৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১২ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন এবং প্রাইভেট হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৩৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
এসময়ে মোট ২২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮৪০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বিবেচনায় বেশ কিছু এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে সিটি করপোরেশনকে জানিয়েছি আমরা। মশার বিস্তার ঠেকাতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


