চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যেখানে আক্রান্ত হয়েছিলেন ২৯৮ জন, সেখানে জুলাই মাসের প্রথম তিন সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগী ৬০৩ জন। এর মধ্যে জুলাইয়ে আক্রান্তদের বেশিরভাগই উপজেলার বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সময়মতো চিকিৎসা নিলে এবং সচেতন থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এ এস এম লুৎফুল কবির বলেন, এবার অনেক রোগীর উচ্চমাত্রার জ্বর হচ্ছে না। বরং বমি, তীব্র পেটব্যথা, ডায়রিয়া, অতিরিক্ত দুর্বলতা এবং লিভার-কিডনির জটিলতা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। তাই জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


