চট্টগ্রামে দুই জাহাজে সোয়া ১ লাখ টন এলএনজি, আরেকটি আসছে ৪ এপ্রিল

চট্টগ্রামের বহির্নোঙরে দুইটি জাহাজে মোট সোয়া ১ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পৌঁছেছে। আগামী ৪ এপ্রিল আরও একটি জাহাজে প্রায় ৭০ হাজার টন এলএনজি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ জাহাজটি কুতুবদিয়া নোঙরে পৌঁছায়। এর পরদিন শুক্রবার ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ নামের আরেকটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে।

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরেকটি জাহাজ আগামী সপ্তাহের শেষ দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি এসেছে এবং দ্রুতই এলএনজি খালাস কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসে মোট ৯টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও এ পর্যন্ত ৭টি পৌঁছেছে। কাতার থেকে আসা দুটি কার্গো এখনো কাতারের রাস লাফান বন্দরে অবস্থান করছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ মোট ২৫ লাখ ৮৬ হাজার টন এলএনজি আমদানি করে। এর মধ্যে বড় অংশ কাতার থেকে এবং বাকি অংশ যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।