চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি করা হয়েছে।
সিএমপির আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।


