চট্টগ্রাম নগরের হালিশহর থানার টহল দলের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে গাড়িটি নিয়ে যায় এক ব্যক্তি। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পাশের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, টহল দলের তিন সদস্য গাড়িটি সড়কে রেখে রেস্টুরেন্টে খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা পিকআপ ভ্যানটি আর সেখানে দেখতে পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হালিশহর থানার টহল দলের একটি পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িটি উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কীভাবে পুলিশের টহল গাড়িটি চুরি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।


