নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হয়েছে হীরকজয়ন্তী। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে অংশ নেন চার হাজার ৬৭১ জন সাবেক শিক্ষার্থী।
সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগিয়ে আরও উন্নত করা যায়, তা নিয়ে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন, গবেষণা, কৃষি, সমুদ্র, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে। দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে শিল্প খাত ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীত থাকলেও গত দুই দশকে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণে ব্যর্থতার মতো সীমাবদ্ধতা রয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে বিশ্ববিদ্যালয়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক বিষয়ক সেল পুনর্গঠন এবং ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে শিল্প-শিক্ষা সহযোগিতা কার্যক্রম চালু করা হয়েছে।
হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


