চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১৪ লাখের বেশি শিশু

0

চট্টগ্রাম: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের আওতায় আগামী ২৮ জুন চট্টগ্রামে ১৪ লাখ ৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার উপজেলাগুলোতে স্বাস্থ্য বিভাগ এবং নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে।

চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যাতে এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের সাতটি ইপিআই জোনের আওতায় ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ২ হাজার ৬৫৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মেয়র বলেন, গত বছর নগরীতে এ কর্মসূচির সাফল্যের হার ছিল ৯৯ দশমিক ৯৭ শতাংশ। এবার শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হচ্ছে। নিয়মিত টিকাকেন্দ্রের পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে পথশিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

অন্যদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, জেলার ১৫ উপজেলায় মোট ৮ লাখ ৪২ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯৬ হাজার ৭৯ জনের বয়স ৬ থেকে ১১ মাস এবং বাকিরা ১২ থেকে ৫৯ মাস বয়সী।

এ কর্মসূচির জন্য জেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ১৭টি স্থায়ী কেন্দ্র, ১৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র এবং ৪ হাজার ৮০০ অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।