চট্টগ্রামে ভেজাল ও অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা

0

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার, ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং পণ্যের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলী বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যপণ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং ফেনী স্টোরকে ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, তৃতীয় পক্ষের কাছ থেকে সংগ্রহ করা ঘি নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে বিক্রির অভিযোগে আর এন সুপার বাঘাবাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বাঘাবাড়ির ঘি নিজেদের মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছিল বলে অভিযানে জানানো হয়।

চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।