চট্টগ্রামে মদ্যপানে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩

0

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মন্দিরের উৎসবে মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ এ তথ্য জানতে পারে। এর আগে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত সোনারাম মহাজনের ছেলে উজ্জ্বল (৫২) এবং হরিপদ ঘোষের ছেলে নান্টু ঘোষ (৫০)।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্য তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের সবার বাড়ি চান্দগাঁও এলাকায়। সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে অনুষ্ঠান চলাকালে অসুস্থ হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, বিষাক্ত মদ্যপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।