চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় শাহিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাসার ড্রয়িংরুমে একটি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান শাহিদ হোসেন। শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদ হোসেনকে হাসপাতালে আনা হলে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তবে, কিছু সময় পরই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন।


