চট্টগ্রামে মাদক বিক্রির টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় রুপম চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুপম চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করতেন।
দুদকের পক্ষে আইনজীবী মোকাররম হোসেন জানান, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, রুপম চৌধুরী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।
এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে চার বছরের কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে একটি জাতীয় দৈনিকে “ইয়াবা রূপম” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি প্রথম সামনে আসে। পরে অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ২০২১ সালে সম্পদ বিবরণী যাচাই শেষে তথ্য গোপনের বিষয়টি নিশ্চিত হয় দুদক।


