চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ডিএসপি ঘাট এলাকায় একটি মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা ও এক বান্ডেল তাস জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হেলাল উদ্দিন (৪৪), মিজানুর রহমান (৫০), মো. কামাল হোসেন (৩৭), মো. দিলদার (৩৬), মো. নজরুল (৪২) ও বুলবুল (৩৫)।
পুলিশ জানায়, ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সদরঘাট থানার উপপরিদর্শক (নিরস্ত্র) জমির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করে জব্দ করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।


