নানা কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে চট্টগ্রাম নগরীতে উদযাপিত হয়েছে ঐতিহাসিক মে দিবস। শুক্রবার সকালে নগরীর চেরাগি মোড়ে শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব খাতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেকার কামাল খান, ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম, চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির উপদেষ্টা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর জুবলী রোড হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে নগরীর সিআরবি শিরিষ তলায় সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিউল মাওলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আজম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রামের বৈষম্য নিরসনের দাবির পাশাপাশি সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারাটি অজামিনযোগ্য থেকে জামিনযোগ্য করার দাবি জানিয়েছেন।
সমাবেশ শেষে একটি সিআরবি থেকে একটি লাল পতাকার মিছিল স্টেডিয়াম, লাভলেইন ডিসি হিল হয়ে চেরাগী পাহাড় মোড়ে শেষ হয়। এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নও মে দিবসে আলাদা করে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে। এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিকও পৃথক পৃথক আয়োজন করেন বিভিন্ন স্থানে।


