চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় আসামি মনিরের যাবজ্জীবন

0

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের আলোচিত মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (চট্টগ্রাম মেট্রোপলিটন শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনাল) বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।​

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। গত ২১ মে ধর্ষণের ঘটনার পর মাত্র ১৪ দিনের মাথায় ৪ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। এরপর ৯ জুন আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

পরদিন ১০ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মাত্র তিন কার্যদিবসে আদালতে মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত সোমবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করলেও তার পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির করা যায়নি। পরে বুধবার আদালত আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।​

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় চার বছরের ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। এ নৃশংস ঘটনার পর ওই দিনই শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এদিকে ঘটনার দিন শিশু ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে বাকলিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত জনতা একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওই সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।