চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত, আহত ১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফেরার পথে চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)-এর এক অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেল-এর পতেঙ্গা প্রান্তের চৌরাস্তা মোড়ে। সাতকানিয়ায় নির্বাচনী দায়িত্ব শেষে ২৩ জন আনসার সদস্য একটি বাসে করে ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে উঠে উল্টে যায়।

নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রামের বিএনএস হাসপাতালে আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী টানেল এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা মো. ফারুক জানান, নেভি গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন আনসার সদস্য নিহত হন এবং অন্তত ১৪ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নৌবাহিনীর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষে ফিরিয়ে আনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।