কক্সবাজার সমুদ্রসৈকত থেকে রাতের আঁধারে বিশেষ মেশিন ও পাইপলাইন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কলাতলী এলাকার ভাঙ্গার মোড়সংলগ্ন সৈকতের দক্ষিণাংশে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিও ব্যাগ উদ্ধার করেছে জেলা প্রশাসনের পর্যটন শাখার একটি দল।
অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন, বড় আকৃতির পাইপ, বিপুল পরিমাণ জিও ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে এসব আলামত জব্দ করে প্রশাসন।
পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুর রহমান সায়েম জানান, স্থানীয় কয়েকজন যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সৈকতের বালিয়াড়ির কাছাকাছি একটি ভবন থেকে পানির পাইপলাইন স্থাপন করে বালু উত্তোলন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন বিচকর্মী মোতায়েন রাখা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দের পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বালু উত্তোলনে ব্যবহৃত ভবনটিতে একটি এনজিওর পরিচালিত ‘ব্লু ইকোনমি সেবা ও পরামর্শ কেন্দ্র’ রয়েছে। তবে বালু উত্তোলনের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।


