‘সহজ চাইনিজ শিখুন, নিশ্চিত ক্যারিয়ার গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে চালু হয়েছে চীনা ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মিরসরাই পৌরসদরের মোজাম্মেল টাওয়ারের তৃতীয় তলায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ক্লাসে কোর্সের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষক জামান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৯০টির বেশি কারখানা উৎপাদনে গেছে। এর মধ্যে ৬০টিরও বেশি কারখানা চীনা মালিকানাধীন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বিপুলসংখ্যক চীনা নাগরিক বর্তমানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছেন।
তিনি বলেন, স্থানীয় শিক্ষিত তরুণদের চীনা ভাষা জানা থাকলে এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও অনুবাদের সুযোগ তৈরি হবে। বিশেষ করে দোভাষী হিসেবে ভালো বেতনে চাকরির সম্ভাবনা রয়েছে। কোর্স শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চীনা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করার উদ্যোগ রয়েছে।
প্রধান প্রশিক্ষক জামান আরও বলেন, ‘চাইনিজ হাতেখড়ি’ শুধু ভাষা শেখানোর একটি কোর্স নয়; শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই এর অন্যতম লক্ষ্য। চীনা ভাষা শেখার মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় তরুণদের কাজের সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চীনা ভাষার প্রশিক্ষক ও দোভাষী আরাফাত হোসেন, চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী আকিব হোসাইন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন ও সাংবাদিক আশরাফ উদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্সের প্রধান প্রশিক্ষক জামান। উদ্বোধনী ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।


