রাঙামাটি জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ির ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মো. নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি এবং তা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদ বিভিন্ন উপজেলায় ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। ভবিষ্যেেতও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাদ্য সহায়তা পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।


