চট্টগ্রামে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি আরও ৫১

0

চট্টগ্রামে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জন।

রোববার (৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত না হলেও এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৩৩১ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে, সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১০ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন মারা গেছেন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১ জন এবং উপজেলায় ২ জন।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯২৫ জন এবং পরীক্ষায় ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।