চট্টগ্রামে ৯ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

0

চট্টগ্রামে ৯ বছর আগে সংঘটিত এক হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নাছের আহম্মদের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৪ মার্চ নগরের পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সে আবু নাছের (২০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার দিন দোকান ভাড়ার বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে ইসমাইল হোসেন সুজনের সঙ্গে ফেরদৌস ওয়াহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে এগিয়ে গেলে আবু নাছেরকে কাঁচি দিয়ে বুকে ও তলপেটে আঘাত করেন সুজন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।