চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাসের ধাক্কায় এনজি চালত অটোরিকশার পাঁচ যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজিকে পিছন থেকে বাস ধাক্কা দেয়। পরে বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। অপর একজন হাসপাতালে মারা গেছেন।
তিনি আরও বলেন, স্পটে নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থল থেকে গণমাধ্যম কর্মী ইয়াসির সিলমী জানান, রিলাক্স পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে আসছিল। পিছন থেকে বাসটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। তারা হলেন পটিয়ার খরনার মাঝিরপাড়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রফিক (৩৫), হাবিলাসদ্বীপের হুলাইন গ্রামের মৃত নোয়াব মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৫৩), চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া কলঘর বণিকপাড়ার মিন্নাত ধরের ছেলে শুভ ধর (২৭), একই উপজেলার রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮), মোহাম্মদপুর এলাকার সেন বাড়ির বিশ্বজিৎ সেন (৪৫) ও তার স্ত্রী রুপনা সেন (৪২)। নিহত মো. ইসমাইল ছিলেন সিএনজিচালক।


