ছেলের প্রেমিকা পক্ষের আঘাতে আহত হওয়া আক্তার আহমদ (৫০) মারা গেছেন। আক্তারের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি সাইরারডেইল এলাকায়।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। এর আগে বৃহস্পতিবার তিনি হামলার শিকার হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, নিহত আক্তার আহমদের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। এর জেরে দুইপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে বৃহস্পতিবার প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আক্তার আহমদ।
ওসি আব্দুল হাই আরও জানান, আহত আক্তার আহমদকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন আক্তার আহমদ শুক্রবার সকালে মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


