জব্বারের বলীখেলা আজ, রিংয়ে নামছেন ১০৮ বলী

0

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দান আজ আবারও পরিণত হচ্ছে জনসমুদ্রে। বৈশাখের এই দিনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা, যেখানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০৮ জন বলী।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হবে এ বছরের বলীখেলা। দিনশেষে প্রতিযোগীদের মধ্য থেকে একজন সেরা বলী হিসেবে মুকুট অর্জন করবেন।

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মো. শরীফ, যিনি ‘বাঘা শরীফ’ নামে পরিচিত, এবারের আসরেও অংশ নিচ্ছেন। পাশাপাশি গতবারের রানারআপ মো. রাশেদ ওরফে রাশেদ বলীর অংশগ্রহণ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রিটিশবিরোধী চেতনা থেকে ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে আনুষ্ঠানিকভাবে এই বলীখেলার সূচনা করেন। স্থানীয় তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই আয়োজন এখন চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

প্রতি বছর ১২ বৈশাখে অনুষ্ঠিত এই বলীখেলাকে ঘিরে লালদীঘি এলাকায় বসে জমজমাট বৈশাখী মেলা। বলীদের লড়াই যেমন দর্শকদের আকর্ষণ করে, তেমনি মেলাকে ঘিরেও তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করতে ছুটে আসেন।

তবে শতবর্ষের এই আয়োজন সব সময় নির্বিঘ্ন ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সাম্প্রতিক করোনা মহামারির সময় কয়েক দফা বন্ধ থাকলেও প্রতিবারই নতুন উদ্যমে ফিরে এসেছে বলীখেলা।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, এবারের আয়োজন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন এসএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল ভোরের মধ্যেই মেলা শেষ করা হবে।

এবারের বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।