কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।