জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ লক্ষ্যে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। আজ শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নির্ধারণ করেছেন, এই ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি সেই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ হিসেবে কাজ করবে। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে ডিসি পার্ককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।


