সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

0

রাঙামাটির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। তবে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সংগঠন দুটি অবরোধ প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিরাপদে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উজোবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও অবরোধ করেন সংগঠন দুটির সমর্থকেরা। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সকাল থেকে পর্যটকেরা সাজেকে প্রবেশ কিংবা সেখান থেকে বের হতে পারেননি।

এদিকে, রোববার দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা ও এসকর্টের সহায়তায় সাজেকে আটকে পড়া প্রায় ১ হাজার ২০০ পর্যটক সেখান থেকে ফিরে যান। একই সময়ে ৫৮টি চাঁদের গাড়িসহ শতাধিক যানবাহনে করে প্রায় এক হাজার পর্যটক সাজেকে প্রবেশ করেন বলে জানা গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, দুপুরে পর্যটকেরা বিশেষ নিরাপত্তায় সাজেক ছেড়েছেন এবং আরও পর্যটকবাহী যানবাহন সেখানে প্রবেশ করেছে। তবে নতুন করে প্রবেশ করা পর্যটকের সঠিক সংখ্যা তখনো যাচাই করা সম্ভব হয়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে সাজেকে কোনো পর্যটক আটকা নেই। প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে বৈঠক চলছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।