প্রথমবারের মতো উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার ভার্চুয়াল সভায় টুর্নামেন্টের ভেন্যু ও প্রাথমিক সূচি চূড়ান্ত করে নারী বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি জানিয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে এই আসর। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এটিই হবে প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট।
উদ্বোধনী আসরে অংশ নেবে তিনটি দল। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হবে। পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও চুক্তিবদ্ধ করার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে এবারের টুর্নামেন্ট।
শুরুতে সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত বদলেছে বিসিবি। এখন ঢাকা ও চট্টগ্রাম; এই দুই ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তবে এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, পূর্ণাঙ্গ সূচি, সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি; এসব বিষয় চূড়ান্ত হয়নি। কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এরই মধ্যে বৈশ্বিক মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। আন্তর্জাতিক সম্প্রচার ও ডিজিটাল স্ট্রিমিংয়ের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়েছে। টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিপণন সংস্থা বা কনসোর্টিয়াম আবেদন করতে পারবে। নির্বাচিত অংশীদার স্যাটেলাইট টিভি ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রচার করবে।



মন্তব্য নেওয়া বন্ধ।