তাঁবু-কুচকাওয়াজ আর ক্যাম্পফায়ারে জমে উঠল স্কাউট সমাবেশ

0

দীর্ঘ ১৫ বছর পর আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠল চট্টগ্রামের আনোয়ারা। তাঁবুর সারি, কুচকাওয়াজের ছন্দ, ক্যাম্পফায়ারের উচ্ছ্বাস আর বন্ধুত্বের বন্ধনে মুখর হয়ে উঠেছিল বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠ। ‘যোগ্য নেতৃত্বের জন্য স্কাউটিং’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো আনোয়ারা উপজেলার ৬ষ্ঠ স্কাউট সমাবেশ।

গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করে আনোয়ারা উপজেলা স্কাউটস। সহযোগিতায় ছিল জাফর-আয়েশা ফাউন্ডেশন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সমাবেশের শেষ দিনে সনদ ও সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাজনীন নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল মতিন চৌধুরী, কামরুদ্দিন চৌধুরী, জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক সঞ্জিব সিংহ ও মো রাশেল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহা তাঁবু জলসার সঞ্চালনা করেন, চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো. সেলিম।

প্রধান অতিথি নাজনীন নিজাম তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একটি জীবনদর্শন। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত হয়, যা একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ অতিথি জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার বলেন, পৃথিবীতে সফল মানুষেরা স্কাউটস থেকে এসেছে, নেতৃত্বের প্রথম ধাপ স্কাউটিং। এই মাঠে ৫ দিনে তোমরা যে শিক্ষা অর্জন করেছ নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের তা শেখাবে। মনে রাখবে এখানে যা শিখেছ তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন।

জানা যায়, সর্বশেষ ২০১১ সালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল ৫ম উপজেলা স্কাউট সমাবেশ। এরপর দীর্ঘ বিরতির পর এবার ৬ষ্ঠ আয়োজন ঘিরে স্কাউট সদস্যদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। পাঁচ দিনের এই আয়োজনে অংশ নেয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৮০ জন স্কাউট সদস্য ও ইউনিট লিডার। তাঁবুকলা, হাইকিং, কুচকাওয়াজ, উদ্ধার কার্যক্রমসহ নানা প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ঝালিয়ে নেয় তারা। প্রতিটি কার্যক্রমে ছিল শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চা।

সমাপনী দিনে আয়োজন করা হয় মহা তাঁবু জলসা, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, যেখানে স্কাউট সদস্যদের পরিবেশনা ও অংশগ্রহণে প্রাণ ফিরে পায় সমাবেশ।

প্রতিযোগিতায় বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে সিইউএফ স্কুল অ্যান্ড কলেজ।

দীর্ঘ বিরতির পর এমন আয়োজন স্থানীয় স্কাউট সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আয়োজকরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও নিয়মিত হলে তরুণ প্রজন্মের মাঝে নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।