চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা মডিস্ট সিইপিজেড লিমিটেডের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন কারখানাটির শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে কারখানাটির প্রায় ৬৫০ থেকে ৭০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন। কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান তারা।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কর্মরত। তাদের মধ্যে স্টাফ পর্যায়ের তিন মাস এবং শ্রমিক পর্যায়ের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।
মানববন্ধনে শ্রমিকেরা বলেন, গত দেড় বছর ধরে কারখানা কর্তৃপক্ষ নিয়মিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করছে না। বেতন দেওয়ার আশ্বাস দিয়ে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ চালাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, শ্রমিকদের বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ হারে জমা হওয়ার কথা থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থও মালিকপক্ষের কাছে রয়েছে। তবে ওই অর্থের সুনির্দিষ্ট কোনো হিসাব শ্রমিকদের দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়।
শ্রমিকেরা জানান, বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এর আগেও তারা চট্টগ্রাম ইপিজেডের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও বেপজা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ তাদের।
শ্রমিকদের ভাষ্য, তারা নিয়মিত উৎপাদন কার্যক্রম সচল রাখলেও মাস শেষে প্রাপ্য বেতন সময়মতো পাচ্ছেন না। কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর আন্দোলনে না গেলেও বকেয়া বেতন-ভাতার কারণে তাদের পরিবারগুলো এখন চরম সংকটে পড়েছে।
মানববন্ধন থেকে কারখানাটির আর্থিক পরিস্থিতি তদন্ত, দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের অন্যান্য পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।


