জ্বালানি তেলের দাম বাড়ানোর এক দিনের মধ্যেই চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি চালক ও হেলপারের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, আগ্রাবাদ, দেওয়ানহাট, চকবাজার, নিউমার্কেট ও অলংকার মোড় এলাকায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগরের ১০ নম্বর রুটে দুই নম্বর গেট থেকে আগ্রাবাদ পর্যন্ত আগে ১৫ টাকা ভাড়া নেওয়া হলেও কোনো কোনো বাসে এখন ২০ টাকা নেওয়া হচ্ছে। মুরাদপুর-আন্দরকিল্লা রুটেও ১৫ টাকার পরিবর্তে ১৮ থেকে ২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সি বিচ পর্যন্ত ৬৮ টাকার ভাড়াও কোনো কোনো বাসে ৮০ টাকা নেওয়া হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, নতুন ভাড়ার কোনো তালিকা না থাকায় চালক বা হেলপার নিজেদের মতো করে ভাড়া চাইছেন। প্রতিবাদ করলে অনেক সময় তাদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যাত্রী ও পরিবহন শ্রমিকদের মুখোমুখি অবস্থানে পড়তে হচ্ছে। বিষয়টি কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে আলোচনা হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে খরচ বাড়বে। শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয়ের চাপ ভোক্তার ওপরই পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।


