কেইপিজেডে স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ, প্রশিক্ষণ দিয়ে নিয়োগের আশ্বাস

0

চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অন্য জেলা থেকে কর্মী নেওয়ার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন তারা। পরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা।

সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। সকাল ৯টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকেরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন না। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচারণা চালানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

আন্দোলনকারীদের প্রতিনিধি মো. নাজিম উদ্দীন বলেন, নিয়োগ-বাণিজ্য বন্ধ এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবিতে তারা আন্দোলন করেছেন। বৈঠকে কেইপিজেড ও সংশ্লিষ্ট কারখানার কর্মকর্তারা স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে স্থানীয় নারীদের কর্মসংস্থানের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

কেইপিজেডের সহকারী উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচারণা চালানো হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কারখানাটি চালুর প্রস্তুতি হিসেবে দুই মাস আগে থেকেই নারী শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেইপিজেডে কর্মরত প্রায় ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয় বলে দাবি করেন তিনি।

এদিকে, স্থানীয় চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুওয়ানুল ইসলাম। তিনি জানান, উপজেলা প্রশাসন ও কেইপিজেডের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত কেইপিজেড কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে এবং পদ খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কারখানা চালু করতে তিন হাজারের বেশি নারী শ্রমিক প্রয়োজন। এ জন্য আনোয়ারা ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় নিয়োগ প্রচারণা চালানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।