চট্টগ্রামে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছে ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলটি বের করার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে এবং আশেপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। তখন ওই এলাকাতেই ছিল পুলিশের টহল টিম। পুলিশ দ্রুত তাদের ধাওয়া দেয়।
এ সময় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরাও সেখানে ছিলেন। তারাও ধাওয়া দেন। একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ এলাকাটিকে ঘিরে ফেলে এবং অলিগলিতে ঢুকে বিভিন্ন বয়সের ২০ জনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। সেখানে পুলিশের একটি টিম অবস্থান করছিল। তারা তাদের ধাওয়া করে এবং আশেপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


