গত ১৫ বছরে চট্টগ্রামে নির্মিত প্রায় ৩০ হাজার ভবনের মধ্যে ৯৯ শতাংশই অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংস্থাটি বলছে, দীর্ঘদিনের দুর্বল তদারকি ও নিয়ম লঙ্ঘনের কারণে নগরজুড়ে নকশাবহির্ভূত ভবনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবার এসব অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সিডিএ।
সিডিএর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে কোথাও রাস্তা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে, কোথাও ছয়তলার অনুমোদন নিয়ে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। অনেক ভবনে বাধ্যতামূলক পার্কিংয়ের জায়গাও রাখা হয়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নকশা অনুমোদনের সময় ভবনের সামনে, পেছনে ও পাশে নির্ধারিত ফাঁকা জায়গা রাখার শর্ত থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয়নি। এছাড়া পাহাড় কেটে, ড্রেন ও নালার ওপর ভবন নির্মাণের মতো ঘটনাও ঘটেছে, যা নগরের পরিকল্পিত উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে স্যাটেলাইট টাউন নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অনুমোদিত নকশা অনুসরণ না করলে ভবিষ্যতে গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো সেবার সংযোগ না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে সিডিএ।
নগরবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, নিয়ম ভঙ্গের তুলনায় শাস্তির মাত্রা কম হওয়ায় অনিয়ম বাড়ছে। কার্যকর তদারকি এবং আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
এদিকে, অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ প্রতিরোধে মন্ত্রণালয় গঠিত একটি কমিটিও কাজ করছে বলে জানিয়েছে সিডিএ। সংস্থাটি আশা করছে, কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে পরিকল্পিত ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।
সূত্র: চ্যানেল ২৪


