চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময়’র প্রকাশক ও সম্পাদক এস. এম. শহীদুল্লাহ রনি (৪৬)। পরিকল্পিত এ হামলার পেছনে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ এবং ব্যবহৃত আলামত সংগ্রহসহ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
জানা যায়, এস. এম. শহীদুল্লাহ রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদরখীল এলাকার প্রবীণ বিএনপি নেতা এস. এম. শফিউল্লাহর ছেলে। তিনি একসময় বিজয় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক প্রিয় সময়-এর প্রকাশক ও সম্পাদক। একইসঙ্গে রাউজানে একাধিক ইটভাটা এবং চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী এস. এম. শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম নগরী থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে থামান। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পেছনের আসন লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় জানিয়ে তিনি বলেন, এ সময় আমি চালকের আসনে নিচু হয়ে থাকায় প্রাণে রক্ষা পান। নিয়মিত চালক থাকলেও সেদিন আমি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল আমি পেছনের আসনে বসে আছি। সে কারণেই পেছনের সিট লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হাটহাজারী সার্কেলের সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী সার্কেলের সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, এস. এম. শহীদুল্লাহ নামের এক ব্যবসায়ী চট্টগ্রাম নগরী থেকে রাউজানে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হাটহাজারীর চারাবটতলা এলাকায় দুর্বৃত্তরা প্রথমে তার গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে উল্লেখ করে তিনি জানান, সেই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার জন্য তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


