কর্ণফুলী নদীর তীরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করার জন্য নদীর প্রায় ২১ একর চরে ম্যানগ্রোভ বন কেটে উজাড় করে কর্ণফুলী ড্রাইডক কর্তৃপক্ষ। কাটা পড়া ২ হাজার গাছের আর্থিক মূল্যও প্রায় অর্ধকোটি টাকা। সরেজমিনে পরিদর্শনে এসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, কর্ণফুলী নদী দখল করে কোনো টার্মিনাল স্থাপন করার জন্য সরকার কখনও অনুমতি দেয়নি। সরকারের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে নদী দখল করে গড়ে উঠা সব স্থাপনা গুড়িয়ে ফেলা হবে খুব শীঘ্রই। কোনো অপশক্তি এসব রক্ষা করতে পারবে না।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল করে ড্রাইডক নির্মাণ ও বনবিভাগের অর্ধকোটি টাকার গাছ কাটার ঘটনায় কর্ণফুলী ড্রাইডক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন, মেরিন একাডেমীর কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও এ.এইচ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আনোয়ার হোসেন কন্ট্রাক্টরসহ কর্ণফুলী ড্রাইডক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে এসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, নদী রক্ষা কমিশন হচ্ছে নদীর অভিভাবক। নদী তার নিজস্ব গতিতে চলবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। নদী দখল করে যদি কেউ স্থাপনা, টার্মিনাল তৈরী করে বা নদী প্রবাহে বাঁধা সৃষ্টি করে নদী রক্ষা কমিশন তাদের বিরুদ্ধে মামলাসহ সবধরণের আইনি ব্যবস্থা নিবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদীর তীরে গড়ে উঠা গাছ কেউ কাটতে পারবে না। যদি কাটতে হয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কর্ণফুলী নদীসহ অন্যান্য খাল-বিল, জলাশয়-জলধারের দখল, দূষণ ও নব্যতা সরেজমিনে পরিদর্শন ও কাগজপত্র যাচাই বাছাই করবেন বলেও জানান তিনি।
এর আগে গত শনিবার সকাল থেকে কর্ণফুলী নদীর তীরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করার জন্য নদীর প্রায় ২১ একর চরে অর্ধকোটি টাকার ২ হাজার গাছ ম্যানগ্রোভ বন কেটে উজাড় করে কর্ণফুলী ড্রাইডক। ম্যানগ্রোভ বন কাটার ফলে একদিকে হুমকির মুখে পড়ছে কর্ণফুলী নদী অন্যদিকে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশের। তবে বন বিভাগ থেকে গাছ কাটার অনুমতি নিয়েছেন বলে জানালেও ড্রাইডক কর্তৃপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
কর্ণফুলী নদীর তীরে ১৯৭৫ সালের থেকে প্রাকৃতিকভাবে গড়ে উঠা কেওড়া, ছৈলা ও বাইন গাছের ম্যানগ্রোভ বন তৈরী করে। কয়েক বছর আগে কোরিয়ান ইপিজেড ম্যানগ্রোভ বনের প্রায় ৫০ একর জায়গার কয়েক হাজার গাছ কেটে নিজস্ব জেটি তৈরী করে। মেরিন একাডেমীর জেটির পাশে বেজার প্রায় ২১ একর জমিতে গড়ে উঠা অর্ধকোটি টাকার ২ হাজার গাছ গুলো নির্বিচারে কেটে পেলে কর্ণফুলী ড্রাইডক জেটি নির্মাণের জন্য।
সূত্রে জানা যায়, সরকার অর্থনৈতিক অঞ্চল তৈরী করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বদলপুরা এলাকার ২১ একর জায়গা নেয়। কিন্তু এই জায়গা তাদের কাছে ছোট হওয়ায় তারা জায়গাটাতে জেডি নির্মাণ থেকে বিরত থাকে। এরপর কর্ণফুলী ড্রাইডক বেজার কাছ থেকে নিয়ে গত শনিবার সকাল থেকে অর্ধকোটি টাকার গাছ কেটে কন্টেইনার টার্মিনাল তৈরীর কাজ শুরু করে।
গাছ কেটে বন উজাড় নদী দখল করার এঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের রোষানলে পড়ার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর বলেন, স্থানীদের ক্ষতিসাধন করে গড়ে উঠেছে কর্ণফুলী ড্রাইডক। নদীর ২১ একর জায়গা দখল করে প্রায় ২ হাজার গাছ কেটে পরিবেশ ও নদীর মারাত্বক ক্ষতি করেছে। গাছ কেটে পরিবেশের যেমন ক্ষতি হয়েছে তেমনি ক্ষতি হয়েছে পাখিদেরও। স্থানীয়রা তাদের মামলার ভয়ে প্রতিবাদও করে না। আজ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় আসায় স্থানীরা একটু স্বত্বি পেল। আশা করছি রক্ষা পাবে কর্ণফুলী নদী।
কর্ণফুলী ড্রাইডকের ম্যানেজার মো. সোলায়মান নিয়াজী বলেন, মেরিন একাডেমীর জেডির পাশে বেজার প্রায় ২১ একর জমিতে গড়ে উঠা গাছগুলো কাটার জন্য কর্ণফুলী ড্রাইডকের অনুমতি রয়েছে। এছাড়াও সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ সবধরণের কাগজপত্র তাদের রয়েছে বলে জানান।


