নিম্নচাপের প্রভাবে ৬ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

0

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) দুপুরে জারি করা ৭২ ঘণ্টার সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা ভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বিশেষ বুলেটিনে বলা হয়েছে, রোববার দুপুর ১২টায় মৌসুমি নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, রোববার থেকেই দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে শুরু করেছে এবং আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।