পদত্যাগ বা ক্যাম্পাসে না ফেরার ঘোষণা দেইনি: চুয়েট ভিসি

0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, তিনি পদত্যাগ করেছেন কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে ফিরবেন না—এমন কোনো ঘোষণা দেননি। টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ কথা জানান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুয়েটের প্রশাসনিক ভবন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।

উপাচার্য জানান, অবরুদ্ধ অবস্থায় তাদের ১১ জনের স্বাস্থ্যের অবনতি ঘটে। গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাদের অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি বলেন, “আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না, এ রকম কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি।” যারা এ ধরনের সংবাদ প্রচার করছেন, তাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বর্তমানে উপাচার্যকে হাসপাতালে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানোর কথা রয়েছে।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শাটডাউন অব্যাহত থাকবে। উপাচার্যের কার্যালয়ে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার কথাও জানিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।