কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করায় আবারও দৃশ্যমান হয়ে উঠছে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি বেড়ে সেতুটির পাটাতন পানিতে তলিয়ে যাওয়ার কয়েক দিন পর এখন ধীরে ধীরে স্বাভাবিক চেহারায় ফিরছে পর্যটনকেন্দ্রটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটির পর্যটন কমপ্লেক্স এলাকায় গিয়ে সেতুটির পাটাতন দৃশ্যমান হওয়ার চিত্র দেখা যায়। পানি যত কমছে, ততই ডুবে থাকা সেতুর অংশগুলো জেগে উঠছে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে যায়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সময় সেতুতে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ রাখা হয় টিকিট বিক্রিও।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুত বাড়তে থাকে কাপ্তাই হ্রদের পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু করা হয়। পরে হ্রদের পানি কমতে থাকায় জলকপাটের উচ্চতাও কমিয়ে আনা হয়েছে।
বৃষ্টি কমে আসা এবং বাঁধের পানি ছাড়ার ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধীরে ধীরে কমছে। এরই ধারাবাহিকতায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটিও আবার দৃশ্যমান হয়ে উঠেছে।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি পুরোপুরি কমে গেলে সেতুটির নিরাপত্তা যাচাই করা হবে। প্রয়োজনীয় সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।


