খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান।
দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও সম্প্রীতি রক্ষাসহ জনগণের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।
প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে কাজ করবে। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণে হিমাগার স্থাপন ও সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহাদাত হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


