পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। পাহাড়ি অঞ্চল থেকে ঋতুপর্ণা চাকমা, সুরকৃষ্ণসহ বিভিন্ন ইভেন্টে অনেক মেধাবী খেলোয়াড় উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে এনেছে।
রোববার (১০ মে) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে অত্যন্ত আন্তরিক। সরকারের নির্দেশনা অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রে নতুন নতুন মেধাবী খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মণিষ দেওয়ান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, রাঙামাটি খেলোয়াড় তৈরির একটি কারখানা। এই জেলা থেকে ইতোমধ্যে অসংখ্য খেলোয়াড় দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন। তিনি তার পরিবারের ক্রীড়া ঐতিহ্যের কথাও উল্লেখ করেন এবং রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা ও আনাই মগিনীদের মতো খেলোয়াড়দের সাফল্যকে দেশের হারানো গৌরব পুনরুদ্ধারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি স্কুল পর্যায় থেকেই শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং নিয়মিত চর্চার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা বিভাগে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অন্যদিকে বালক বিভাগে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লংগদুর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।


