চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
রোববার (১০ মে) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোস্টগার্ড জানায়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


