বাধাগ্রস্ত লংগদু–নানিয়ারচর সংযোগ সড়কের কাজ

দীর্ঘ ৫৪ বছরের প্রতীক্ষার পর পাহাড়ি জনপদ রাঙামাটি জেলা সদরের সঙ্গে তিন উপজেলার যোগাযোগের স্বপ্ন হিসেবে বিবেচিত লংগদু–নানিয়ারচর সংযোগ সড়ক। নানা প্রতিকূলতা ও অদৃশ্য শক্তির কারণে একাধিকবার কাজ শুরু হলেও তা বারবার থমকে গেছে।

আন্দোলন–সংগ্রামের মাধ্যমে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের অনুদানে সড়কটির মাটি কাটার কাজ শুরু হয়। প্রায় আট মাস ধরে চলমান এই কাজ লংগদু থেকে নানিয়ারচর পর্যন্ত পৌঁছালে গত রাতে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে। মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রেজারের যন্ত্রপাতি লুট, ভাঙচুর করা হয় এবং ইঞ্জিনে বালি ও পানি ঢুকিয়ে সেগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এতে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি তিন উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্নও বড় ধাক্কা খেয়েছে।

সংযোগ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাটি কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। তবে গত রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ড্রেজার দুটি অকেজো করে দেওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় শ্রমিক ও ঠিকাদারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা গেলে দ্রুত সময়ের মধ্যেই বাকি অংশের কাজ শেষ করা হবে। এজন্য কাজ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা নজরদারির প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী নিরাপত্তা পোস্ট স্থাপনের দাবিও করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত নানিয়ারচর–লংগদু সড়কের কাজ সম্পন্ন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।