বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে নিরাপদ ও সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের আহ্বান

0

আগামীকাল ১৭ এপ্রিল ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬’ উপলক্ষে দেশে হিমোফিলিয়া রোগীদের জন্য উন্নত, নিরাপদ এবং সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা ইসলাম, কোষাধ্যক্ষ ডা. মো. ওয়াসীম এবং মহাসচিব ডা. মো. খায়রুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংগঠনটি জানায়, দেশে বর্তমানে ক্লটিং ফ্যাক্টরের (ফ্যাক্টর ৮ ও ৯) সীমিত প্রাপ্যতা এবং উচ্চ ব্যয়ের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত ও বাস্তবমুখী কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লটিং ফ্যাক্টরের প্রাপ্যতা বাড়াতে সরকারি ক্রয়, ভর্তুকি এবং অংশীদারিত্ব জোরদার করা জরুরি। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে এসব সেবা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।

যেসব স্থানে ক্লটিং ফ্যাক্টর সহজলভ্য নয়, সেখানে ট্রান্সফিউশন মেডিসিন সেবা শক্তিশালী করে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (এফএফপি) ও ক্রায়োপ্রেসিপিটেটের সময়মতো সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া নিরাপদ ও সঠিক ব্যবহারের জন্য জাতীয় মানসম্মত গাইডলাইন প্রণয়ন, দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে ডে-কেয়ার ট্রান্সফিউশন সেবা চালু ও সম্প্রসারণ, এবং নিরাপদ প্লাজমা পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদান ও এফেরেসিস পদ্ধতিতে প্লাজমা ডোনেশন উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিটিএসবি আরও জানায়, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জোরদার করা গেলে হিমোফিলিয়ার জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সংগঠনটির মতে, ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট হিমোফিলিয়ার সর্বোত্তম চিকিৎসা হলেও বাংলাদেশের মতো সম্পদ-সীমিত প্রেক্ষাপটে এফএফপি ও ক্রায়োপ্রেসিপিটেট কার্যকর সহায়ক ভূমিকা রাখতে পারে।

এ উপলক্ষে বিটিএসবি নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে, যাতে দেশে হিমোফিলিয়া চিকিৎসা আরও সহজলভ্য হয় এবং সকলের জন্য নিশ্চিত করা যায়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।