বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে টানা সাত দিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাতায়াতকারী হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ রোগীদের ভোগান্তি বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ো বাতাস ও উত্তাল সাগরের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে কুমিরা ঘাটে এসে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
তবে চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ফেরি ‘কপোতাক্ষ’ শনিবার সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছেছে এবং রোববারও নিয়মিত ট্রিপ পরিচালনা করছে।
স্পিডবোট চালক শেখ আহম্মদ বলেন, সাগর উত্তাল থাকায় সরকারিভাবে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। মানুষের জীবনের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউদ্দিন বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতির কারণে কুমিরা ঘাট থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় চলাচল শুরু হবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নৌযান চলাচল সীমিত করা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সব ধরনের নৌযান পুনরায় চালু করা হবে।
এদিকে, এ বিষয়ে জানতে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


