কর্ণফুলীর বড়উঠানের দেয়াঙ পাহাড়ের দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের একটি অংশ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
শুক্রবার বেলা ১১টায় বড়উঠান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মোহাম্মদ ওসমান নিজ অর্থয়ানে রাস্তার ভাঙা অংশে সংস্কার করে দেন। এতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হয় এবং ভোগান্তি অনেকাংশে কমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি জরাজীর্ণ, কাদামুক্ততাহীন ও বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে উঠত। বিশেষ করে দেয়াং সরকারি প্রাইমারি বিদ্যালয়, দেয়াং পাহাড় মাদ্রাসা, স্থানীয়দের পারিবারিক কবরস্থান ও ঈদগাহসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের পোহাতে হতো চরম দুর্ভোগ।
জরুরি এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মোহাম্মদ ওসমান। তিনি সম্পূর্ণ নিজ খরচে সংস্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নেন। সংস্কার কাজ শেষ হওয়ায় সড়ক দিয়ে এখন অনায়াসে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে মুহাম্মদ ওসমানের এই মহতি উদ্যোগ ও জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
আবু নাঈম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির কারণে আমাদের যাতায়াতে ভীষণ কষ্ট হতো। ওসমান নিজ খরচে রাস্তাটি সংস্কার করে দেওয়াতে আমাদের দীর্ঘদিনের কষ্ট আর ভোগান্তি এক নিমেষেই দূর হয়ে গেল।
উদ্যোগী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মোহাম্মদ ওসমান জানান, ‘জনগণের দুর্ভোগ দেখে আমি স্থির থাকতে পারিনি। এলাকার মানুষের চলাচলের সুবিধা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকার চেষ্টা করব।’


