মহেশখালী এলএনজি টার্মিনাল চালু, চট্টগ্রামে কমতে পারে গ্যাস সংকট

0

কক্সবাজারের মহেশখালীতে কারিগরি ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর টার্মিনালটি সচল হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমবে বলে আশা করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় এফএসআরইউর কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। বুধবার রাত থেকে টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় পুনরায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।

কেজিডিসিএল সূত্র জানায়, বর্তমানে আনোয়ারা হয়ে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ সরবরাহের পরিমাণ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

সংশ্লিষ্টরা জানান, টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় বর্তমানে জাতীয় গ্রিডে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস যুক্ত হচ্ছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের চাপ আরও বাড়বে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

গত ২১ জুলাই মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দিলে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সংশ্লিষ্টদের আশা, টার্মিনালটি ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় ফিরলে চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।