মিরসরাইয়ে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে সরকারি রিজার্ভ ফরেস্টে পাহাড়ের মাটি কাটার দায়ে মো. সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাত ১টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড সংলগ্ন রিজার্ভ ফরেস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। এ সময় মাটি বহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি অচল করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।