লোহাগাড়ার বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি

0

প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে চট্টগ্রামের লোহাগাড়ার বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে দুই মাসের জন্য নতুন এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গত ১০ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অর্ডিন্যান্স-২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বোর্ডের মনোনীত হয়েছেন মোহাম্মদ নূর ইসলাম। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহা. ইছহাক এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. আশরাফ/উসমান গনি। পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নতুন এডহক কমিটির প্রধান দায়িত্ব হবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষার সুযোগ নিশ্চিত করতেও কমিটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নূর ইসলাম বলেন, “শিক্ষা বোর্ড আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।”

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবিধান অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের পূর্বের নির্দেশনা অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগসহ নির্দিষ্ট কিছু বিষয়ে এ কমিটির এখতিয়ার সীমিত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফেরার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।